সিসিটিভি, অনলাইন জিডি’র সার্ভার ত্রুটির সমাধান ও খোয়া যাওয়া ফোন উদ্ধারে গুরুত্বারোপ

১৯ মে, ২০২৪ ২১:৩৬  

নগরীরর বাড়িগুলোতে থাকা সিসি টিভি সচল থাকা, হারিয়ে যাওয়া ফোন উদ্ধার এবং অনলাইন জিডির জন্য সার্ভার জটিলতা সমাধানে গুরুত্বারোপ করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। রোববার (১৯ মে) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই নির্দেশনা দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাইয়ের ঘটনা ঘটলেই যেন মামলা গ্রহণ করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয় সেদিকে প্রতিটি থানার ওসি লক্ষ রাখবেন। এখন রাজধানীর প্রায় সব বাড়িতেই সিসি ক্যামেরা রয়েছে। চুরি প্রতিরোধে সিসি ক্যামেরা সচল আছে কি না বা বাড়ির পেছনের দিকের লাইট ঠিক আছে কি না সেগুলো খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, সার্ভার ডাউন বা সার্ভার স্লো হওয়ার কারণে আমাদের ইন্টারনেটভিত্তিক ব্যবস্থা সমস্যার সম্মুখীন হচ্ছে। সার্ভার জটিলতায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসা সাধারণ মানুষের যেন কোনও ভোগান্তি না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতে হবে। সার্ভার থাকলে অনলাইনে জিডি হবে, না থাকলে ম্যানুয়ালি জিডি করে দিতে হবে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরো বলেন, মোবাইল ফোন সংক্রান্ত অপরাধ উপেক্ষা করা যাবে না। উদ্ধারকৃত মোবাইল ফোন প্রকৃত মালিককে ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি মোবাইল ফোন ব্যবহারে সবাইকে সতর্ক করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। সম্মানিত অতিথি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এই পুরস্কার হস্তান্তর করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে তেজগাঁও বিভাগ। শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা। সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান। পুলিশ পরিদর্শক (তদন্ত)-দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ তোফাজ্জল হোসেন। পুলিশ পরিদর্শক (অপারেশনস)-দের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) মোঃ সবুজ রহমান।

শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার এসআই মো. মামুন হোসেন ও মিরপুর মডেল থানার এসআই মোঃ মফিজুর রহমান আকাশ। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এএসআই মোঃ আজগর মোল্লা ও মোহাম্মদপুর থানার এএসআই অঞ্জয় হালদার।

অস্ত্র উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শফিউল আলম সরকার। বিস্ফোরকদ্রব্য উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন ভাটারা থানার মো. মাসুদুর রহমান। চোরাইগাড়ি উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন ধানমন্ডি মডেল থানার এসআই আল হেলাল। মাদকদ্রব্য উদ্ধার করে শ্রেষ্ঠ হয়েছেন হাজারীবাগ থানার এসআই নিকলেস চন্দ্র কর পলাশ। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন চকবাজার মডেল থানার এসআই মোঃ মামুন হোসেন।

বিট পুলিশিং উঠান বৈঠক কার্যক্রমে সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন তেজগাঁও শিল্পাঞ্চল জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম আরিফ রাইয়ান। শ্রেষ্ঠ থানা উত্তরা পশ্চিম থানা, শ্রেষ্ঠ এসআই রূপনগর থানার এসআই দেবরাজ চক্রবর্তী।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-লালবাগ বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তফা কামাল পিপিএম, মাদকদ্রব্য উদ্ধারেও তিনি শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। চোরাই গাড়ি উদ্ধারে শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-লালবাগ বিভাগ। ট্রাফিকের শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন ট্রাফিক-লালবাগ বিভাগের কোতোয়ালী-ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার পীযূষ কুমার দে। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর হয়েছেন ট্রাফিক লালবাগ বিভাগের কোতোয়ালী-ট্রাফিক জোনের ইন্সপেক্টর জানে আলম ভুঁঞা। শ্রেষ্ঠ সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন ট্রাফিক-গুলশান বিভাগের গুলশান-ট্রাফিক জোনের সার্জেন্ট মোঃ ইমরান হোসেন ও ট্রাফিক-ওয়ারী বিভাগের ডেমরা-ট্রাফিক জোনের সার্জেন্ট মো. সেন্টু মিয়া।

এছাড়াও ডিএমপির মিডিয়া অ্যান্ড পিআর বিভাগসহ একাধিক বিভাগ ও বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহার সঞ্চালনায় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।